ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম বহুজাতিক বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে (মাই-জিও ২০২৬) দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সবাই পদক জিতেছেন। তাঁদের অর্জনের মধ্যে রয়েছে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ সাফল্যের তথ্য জানানো হয়।গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের তরুণ প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ভূগোলের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তব পরিস্থিতিতে দক্ষতা প্রয়োগের সক্ষমতা যাচাই করা হয়।বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন তানভীর সাদাত ও আরিফা আতিক মীম। অন্যদিকে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। তাঁদের সম্মিলিত সাফল্যে সামগ্রিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করে বাংলাদেশ।প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে অংশ নেন আহনাফ তাহমিদ উদ্দিন।অলিম্পিয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠপর্যায়ে ব্যবহারিক পরীক্ষা। গত ২৮ অক্টোবর রোজা খুতোর পর্বত অবকাশকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি বিশ্লেষণের পাশাপাশি নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি নির্ণয় করতে হয়।এ ছাড়া আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজও দেওয়া হয় শিক্ষার্থীদের। বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ এবং বাতাসের গতিবেগ পরিমাপের মাধ্যমে তাঁদের ব্যবহারিক দক্ষতা মূল্যায়ন করা হয়।প্রতিযোগিতায় ছিল সৃজনশীল ও বিশ্লেষণনির্ভর নানা সমস্যার সমাধান। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের সঙ্গে কফির দামের সম্পর্ক বিশ্লেষণ করে মূল্যসূচক নির্ধারণের মতো ব্যতিক্রমী কাজও অন্তর্ভুক্ত ছিল।বাংলাদেশ দলের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত বিদ্যালয় পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত পাঠ গ্রহণের সুযোগ তুলনামূলক কম। এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা দুটি বিষয়ে বিশেষ প্রস্তুতি নেন। এর ফলে অপরিচিত প্রশ্ন এবং মাঠপর্যায়ের জটিল পরিস্থিতিতেও নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে সক্ষম হন তাঁরা।বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ তৈরিতে সহযোগিতা করেছে রাশিয়ান হাউজ ইন ঢাকা। প্রতিষ্ঠানটি দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।রাশিয়ান হাউজ ইন ঢাকার তথ্য অনুযায়ী, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা, রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স এবং একাডেমিক বিনিময় কর্মসূচির সুযোগ দিয়ে থাকে।পাশাপাশি রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ এবং আন্তর্জাতিক শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়।মাই-জিও ২০২৬-এ পাঁচটি ব্যক্তিগত পদক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের ভূগোলবিষয়ক জ্ঞান ও ব্যবহারিক বৈজ্ঞানিক দক্ষতার পরিচয় দিয়েছেন। এ আয়োজন বিভিন্ন দেশের তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দলগত সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগও তৈরি করেছে।

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়