ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াদে হামলার জেরে ফের বাড়ল তেলের দাম!

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্নের খবরে সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে শুক্রবার দাম কিছুটা বাড়লেও টানা তৃতীয় সপ্তাহের মতো বড় দরপতনের পথে রয়েছে অপরিশোধিত তেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।বাজার তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯২ ডলার ২২ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বরের সরবরাহ চুক্তির দাম ১৯ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪০ সেন্ট হয়েছে। পাশাপাশি জানুয়ারির অধিক লেনদেন হওয়া চুক্তির দামও ২০ সেন্ট বা ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৮২ ডলার ৬৪ সেন্টে পৌঁছেছে।এর আগে গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমার পথে রয়েছে এবং ডব্লিউটিআইয়ের ডিসেম্বরের চুক্তিতে সাপ্তাহিক দরপতনের পরিমাণ ৬ শতাংশে দাঁড়াতে পারে।বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবারও যুদ্ধ-পূর্ববর্তী সময়ের কাছাকাছি পর্যায়ে ফিরে আসায় বাজারে সরবরাহ উদ্বৃত্তের প্রত্যাশা তৈরি হয়েছে, যা তেলের দামে নিম্নমুখী চাপ অব্যাহত রেখেছে। তবে রাকুটেন সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক সাতোরু ইয়োশিদা বলেন, রিয়াদে হুথিদের হামলার কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকছেন। তিনি আরও উল্লেখ করেন, চলতি মাসের শেষ দিকে ওপেক প্লাসের বৈঠকে সমন্বিত উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত অব্যাহত থাকার প্রত্যাশাও তেলের দাম বাড়াতে সহায়তা করছে।উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ এর মিত্র দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’-এর মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের বৈশ্বিক তেল উৎপাদন নীতি নির্ধারণ করা হবে। এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে তেল ও গ্যাস বাণিজ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংঘাতের প্রভাবে বিশ্বে জ্বালানি তেলের চাহিদা দীর্ঘ মেয়াদে কমে যেতে পারে। সরকারগুলো যদি বিদ্যুতায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করে, তাহলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে তেলের চাহিদা ৪ শতাংশের বেশি কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইইএ।সূত্র: রয়টার্স

রিয়াদে হামলার জেরে ফের বাড়ল তেলের দাম!