ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।দৈনিক যুগান্তর ও বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আসলে কোন সংস্থার, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক), বাইরের এলাকা দেখে পুলিশ এবং প্রবেশপথে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের পাশেই জসীমউদ্‌দীন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের বিআরটি উড়ালসড়ক থেকে গোলচত্বরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হলে চার পথচারী আহত হন। এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এ ছাড়া গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা শুরু হয়েছে।এ বিষয়ে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না—এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক কোনো ধরনের আপস করবে না।বেবিচক-পুলিশ বৈঠক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গতকাল বুধবার (১৮ নভেম্বর) পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে এআই ক্যামেরা বসাবে। এ ছাড়া তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে এবং বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ