সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও মার্কেট
দেশের দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর মধ্যে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং অন্য তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান চালু রাখা যাবে। একই সঙ্গে মার্কেটে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত বৈঠকে বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার সিদ্ধান্তগুলো জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং বিকল্প জ্বালানির প্রসার ঘটাতে মার্কেটগুলোতে সোলার প্যানেল স্থাপনে উৎসাহ দেবে সরকার। যেসব মার্কেট কর্তৃপক্ষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে আগ্রহী, তারা ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ পাওয়ার সুযোগ পাবে।তবে সৌরবিদ্যুৎ ব্যবস্থার মান নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে সোলার প্যানেলের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নিশ্চিত করার দাবি জানানো হয়।সমিতির নেতারা বলেন, নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ কিংবা স্থাপনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনতে হবে।বৈঠকে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ঘন ঘন বিভ্রাটের বিষয়টিও আলোচনায় আসে। দোকান মালিক সমিতির দাবি, বাংলাদেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সাধারণ গ্রাহকেরা এসব ঘটনাকে লোডশেডিং হিসেবে বিবেচনা করলেও অধিকাংশ ক্ষেত্রে কারিগরি সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় বলে সমিতির নেতারা উল্লেখ করেন।বিদ্যুৎ সরবরাহের নিরবচ্ছিন্নতা বোঝাতে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের তুলনা তুলে ধরা হয়। সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ডে একজন গ্রাহক বছরে গড়ে একবার পাঁচ থেকে সাত মিনিটের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েন।অন্যদিকে বাংলাদেশে প্রতিদিন তিনবার বিদ্যুৎ বিভ্রাট হলে একজন গ্রাহককে বছরে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় সমিতি। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।এ ছাড়া প্রিপেইড বিদ্যুৎ মিটারে টাকা রিচার্জ ও বিভিন্ন চার্জ কেটে নেওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়।দোকান মালিক সমিতির অভিযোগ, অনেক গ্রাহক মিটারে নির্দিষ্ট পরিমাণ অর্থ রিচার্জ করলেও পুরো টাকা দেখতে পান না। বিদ্যুতের ব্যবহার ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।সমিতির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, প্রিপেইড মিটারের ভাড়া বাতিল করা হলেও এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র না থাকায় কিছু এলাকায় এখনো গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া আদায় করা হচ্ছে।এই পরিস্থিতিতে মোবাইল ফোনে টাকা রিচার্জের মতো প্রিপেইড বিদ্যুৎ মিটারেও সম্পূর্ণ রিচার্জের অর্থ প্রদর্শনের প্রস্তাব দেওয়া হয়। অর্থাৎ একজন গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো টাকাই দেখা যায়।একই সঙ্গে বিদ্যুতের অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করার প্রস্তাব দেন সমিতির নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎমন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেছেন।বৈঠকে বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়টিও তুলে ধরা হয়। সমিতির অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগের তার চুরি হচ্ছে। এতে শত শত গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাঁদের লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।এ ধরনের চুরি প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিদ্যুৎমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।বৈঠকে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি, সৌরবিদ্যুৎ স্থাপনে স্বল্প সুদে ঋণ, প্রিপেইড মিটারের চার্জ ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে এসব সিদ্ধান্ত ও আশ্বাস দেওয়া হয়।