ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিল্পকারখানায় যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে ৯৪ শতাংশ: জরিপ

বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় চাপে রয়েছে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানাগুলো। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি নতুন কর্মী নিয়োগ ও মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়েও বড় ধরনের পতন দেখা গেছে। এক বছরের ব্যবধানে জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর যন্ত্রপাতি কেনার গড় ত্রৈমাসিক ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে দেশের শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়। এতে ১৪টি শিল্প খাতের ১৩০টি মাঝারি ও বড় কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।জরিপ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। তবে সব শিল্পপ্রতিষ্ঠানের পরিস্থিতি এক রকম নয়। তুলনাযোগ্য তথ্য পাওয়া ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। বিপরীতে ৩০টি কারখানার উৎপাদন একই হারে কমেছে।খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি চাপে রয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। অন্যদিকে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।শিল্পকারখানার উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের মোট সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করলেও চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা নেমেছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্র খাতে সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে কমে ৫৫ শতাংশ হয়েছে।জরিপে শিল্প উৎপাদনের সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাসের সংকট। কারখানাগুলোতে দৈনিক গড় বিদ্যুৎ বিভ্রাটের সময় বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ঘণ্টায়, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় শূন্য দশমিক ৯ ঘণ্টা থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টায় পৌঁছেছে।বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে মাত্র ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে সন্তুষ্টির হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৭ শতাংশে।জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। আর ৯৩ শতাংশ কারখানা এটিকে তাদের প্রধান তিনটি সমস্যার একটি হিসেবে উল্লেখ করেছে। কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা।উৎপাদন খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ১৬ লাখ টাকা থেকে ৩ কোটি ৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে পরিবহন ব্যয় বেড়েছে ১০ শতাংশ।তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয়ে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকে কারখানাপ্রতি এ খাতে ব্যয় ছিল ১ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১১ লাখ টাকায়। অর্থাৎ যন্ত্রপাতি কেনার গড় ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া জরিপের অন্য সব খাতেই এ ব্যয় কমেছে।কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে কমে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। অর্থাৎ কর্মসংস্থান কমেছে প্রায় ১ শতাংশ।একই সময়ে কারখানাপ্রতি নতুন কর্মী নিয়োগের গড় সংখ্যা প্রতি ত্রৈমাসিকে ৩৯ জন থেকে কমে ৩২ জনে নেমেছে। আগামী ২০২৭ সালে এসব কারখানায় মোট ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে।ব্যবসার ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শিল্পোদ্যোক্তারা। জরিপে ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ৩৬।তবে আগামী প্রান্তিকে উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন উদ্যোক্তারা। এ ক্ষেত্রে উৎপাদন প্রত্যাশার সূচক দাঁড়িয়েছে ৫৪।জরিপকারীরা জানিয়েছেন, উৎপাদন ও ব্যয়ের তুলনায় ২০২৫ সালের একই প্রান্তিকের পরিবর্তে পুরো বছরের গড় ত্রৈমাসিককে ভিত্তি ধরা হয়েছে। কারণ ২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে দুটি ঈদ থাকায় ওই প্রান্তিকের উৎপাদন তুলনামূলক কম ছিল। ফলে শুধু একই সময়ের সঙ্গে তুলনা করলে শিল্প খাতের প্রকৃত পরিস্থিতির ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে।

শিল্পকারখানায় যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে ৯৪ শতাংশ: জরিপ