ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীসহ দুইজনের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছ চুরি ঠেকাতে পুকুরপাড়ে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। প্রথমে গাছ থেকে লাউ তুলতে গিয়ে প্রাণ হারান এক নারী। পরে তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁর ভাসুর।বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার মধ্যপাড়া গ্রামের দলি ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন হারুন অর রশিদ (৪৫) এবং তাঁর ছোট ভাই সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদার মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সেকান্দার আলীর একটি মাছের খামার রয়েছে। মাছ চুরি ঠেকাতে খামারের পুকুরপাড়ে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগযুক্ত ফাঁদ তৈরি করে রেখেছিলেন তিনি।বুধবার দুপুরে সেকান্দার আলীর স্ত্রী আফরোজা বেগম পুকুরপাড়ে গাছ থেকে লাউ তুলতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।কিছুক্ষণ পর ওই পথ দিয়ে যাচ্ছিলেন আফরোজার ভাসুর হারুন অর রশিদ। ছোট ভাইয়ের স্ত্রীকে পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। কী ঘটেছে বুঝে ওঠার আগেই তাঁকে ধরতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন হারুন।পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। অল্প সময়ের ব্যবধানে দুই স্বজনকে হারিয়ে হতবাক প্রতিবেশীরাও।ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।তবে মাছের খামারে বৈদ্যুতিক ফাঁদ স্থাপনের ঘটনায় কারও বিরুদ্ধে মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।