বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধাপে ধাপে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনাও জানিয়েছে সংস্থাটি।শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রকাশিত পর্যবেক্ষণে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি আরও শক্তি সঞ্চয় করতে পারে।সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। তবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।এরপর আরও শক্তি অর্জন করলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়ার এই ব্যবস্থা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে অগ্রসর হবে কিংবা বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানবে কি না, তা এখনো নিশ্চিত নয়।বিডব্লিউওটি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে।ভারতের আবহাওয়া বিভাগের ১৪ নভেম্বরের পূর্বাভাসেও লঘুচাপটির আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আপাতত সারা দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার (১৮ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।