ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির পর তাদের বাসাভাড়া না বাড়াতে গাজীপুরের শ্রীপুরের বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, শ্রমিকদের কথা বিবেচনা করে সরকার মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগে কোনো বাড়ির মালিক বাসাভাড়া বৃদ্ধি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোশাকশ্রমিকদের বসবাসের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বাড়ির মালিকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহীদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।বক্তব্যে তিনি বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসাভাড়া বেড়ে গেলে শ্রমিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ কারণে শ্রমিকদের বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।সংসদ সদস্য বলেন, কোনো বাড়ির মালিক শ্রমিকদের বাসাভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার পরও একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।তার দাবি, প্রতিবেশী দেশের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির উসকানি ও মদদে পোশাক কারখানাগুলোতে হামলা, ভাঙচুর এবং উৎপাদন বন্ধ করার চেষ্টা চলছে।এ ধরনের কর্মকাণ্ডকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে।শ্রীপুরে আয়োজিত এ মতবিনিময় সভায় পোশাকশ্রমিকদের বসবাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া মালিকদের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না: এমপি বাচ্চু