হেফাজত আমিরের বাবুনগর মাদ্রাসার মাহফিলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) দুই দিনব্যাপী এই ঐতিহাসিক সম্মেলনের শেষ দিনে তিনি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাতি মাওলানা রহমত উল্লাহ বাবুনগরী।তিনি আরও জানান, সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বর্তমান সরকারের মন্ত্রিসভার আরও কয়েকজন সদস্য এবং স্থানীয় সংসদ সদস্যের অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের আগমনের খবরে সম্মেলন ঘিরে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজরের নামাজের পর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ছাড়াও বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।সম্মেলনের বিভিন্ন অধিবেশনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তাঁদের মধ্যে রয়েছেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ অন্যান্যরা।সম্মেলন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। বিশেষ করে সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির খবরে এ আয়োজন সাধারণ মুসল্লিদের মাঝে বাড়তি মনোযোগ কেড়েছে। শুক্রবার গভীর রাতে বা বাদ এশা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মহাসম্মেলনের সমাপ্তি ঘটবে।