বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে শুধু আইনি কাঠামোয় পরিবর্তন আনলেই হবে না, সংশোধিত আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়। এতে দেশের বাণিজ্যিক বিচারব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগের জন্য আরও আস্থাশীল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালত স্থাপনের প্রয়োজন নেই। আদালতের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রয়োজন অনুযায়ী কার্যকর বিচারব্যবস্থা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনের সংশোধনই যথেষ্ট নয়। এসব আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।বিদেশি বিনিয়োগের সুরক্ষায় আইনি ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও সভায় উঠে আসে। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে বিনিয়োগকারীরা যাতে বিচারব্যবস্থার ওপর আস্থা রাখতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, একটি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে শুধু পর্যাপ্ত পুঁজি কিংবা উন্নত অবকাঠামো থাকাই যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ।তিনি জানান, কোনো বিনিয়োগকারী বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে বিচারব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাওয়ার নিশ্চয়তা থাকা প্রয়োজন।এ কারণে বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আইনগত সুরক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি আস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন ইউএনডিপির এই প্রতিনিধি।