শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। দেশে ফিরলে আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এত দেরি করবেন কেন তিনি? আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে, এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারা দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তাঁর যে প্রাপ্য রয়েছে আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে।’এ সময় দেশের শিল্পকারখানা পুনরুজ্জীবন নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সরকারি মালিকানাধীন অধিকাংশ শিল্পকারখানার কার্যক্ষমতা অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুতে এ সংক্রান্ত দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো পুনরায় চালু করা গেলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।নতুন শিল্পকারখানা গড়ে তুলতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি শিল্প খাতে বিনিয়োগে ঋণসুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো কৃষি উৎপাদনের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারেনি। ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারে।পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় আমদানির ওপর নির্ভর করতে হলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি অর্থনীতিও আরও শক্তিশালী হবে।