বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ৬৭ মামলা, জরিমানা ১৫ কোটি টাকা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের তৎপরতা ঠেকাতে দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়েছে সরকার। এসব অভিযানে ১৬ হাজারের বেশি প্রতিষ্ঠানকে ১৫ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৬৭টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।বাণিজ্যমন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ১০ হাজার ১৪৪টি বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড রোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নেওয়া ব্যবস্থার তথ্যও তুলে ধরেন মন্ত্রী।তিনি জানান, এ পর্যন্ত চালের বাজারে ২১টি, ভোজ্যতেলের বাজারে ১০টি, ডিমের বাজারে ১৮টি, ব্রয়লার মুরগির বাজারে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা করা হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা ৬৭টি।এসব মামলার মধ্যে চাল, ভোজ্যতেল, ডিম ও ব্রয়লার মুরগির বাজারসংক্রান্ত আটটি মামলায় ইতোমধ্যে আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।বাণিজ্যমন্ত্রীর লিখিত জবাবে বলা হয়, নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্সের মাধ্যমে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে।রাজধানীর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আরও দুটি অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রির কার্যক্রমও অব্যাহত রয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল সরবরাহ করা হচ্ছে।বাণিজ্যমন্ত্রীর মতে, এই কার্যক্রম বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে।পাশাপাশি দেশীয় কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে সরবরাহ বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।এ লক্ষ্যে এমসিসিআই, এফবিসিসিআই ও ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।বাণিজ্যমন্ত্রী জানান, নিয়মিত বাজার তদারকি, প্রতিযোগিতা আইনের প্রয়োগ, ভর্তুকিমূল্যে পণ্য সরবরাহ এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।