ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা। একই সঙ্গে জ্বালানি, জলবায়ু ও শ্রম খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং। এ সময় তিনি প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করায় ফিলিপ ওংকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ দ্রুত সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেন হুমায়ুন কবির।বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও শ্রম খাতসংক্রান্ত দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলোকে আরও এগিয়ে নিতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।সাক্ষাৎকালে সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানান তিনি।আঞ্চলিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা আরসিইপির সদস্যপদ লাভের ক্ষেত্রে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন হুমায়ুন কবির।রোহিঙ্গা সংকটও আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর আলোচনা