আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে নতুন প্রজন্ম আইন পেশায় আগ্রহী হয়ে ওঠে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনে ঢাকা ব্যাংকের নতুন সাব-ব্রাঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, দেশের লিগ্যাল প্রফেশনকে উন্নত পর্যায়ে নিতে আইনজীবীদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।তিনি বলেন, অন্যান্য পেশার মতো আইনজীবীদেরও নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে চলতি বছর আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।[BANGVIEWS-POST:3983]আইনমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা ও বিচারকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ সীমিত। বর্তমানে অনেক আইনজীবী সার্টিফিকেট পাওয়ার পর অভিজ্ঞ সিনিয়রের সঙ্গে কাজ করে দক্ষতা অর্জন করেন। তবে এর পাশাপাশি বার কাউন্সিলের মাধ্যমে পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা প্রয়োজন।বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয়ে তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা আরও জবাবদিহিমূলক করতে অভ্যন্তরীণ অডিটের পাশাপাশি বহিরাগত অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দেশের আইন পেশার উন্নয়নে সহযোগিতা করবে।ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় আইনমন্ত্রী বলেন, ঋণের সব শর্ত পূরণের পরও কোনো উদ্যোক্তা সময়মতো অর্থ না পেলে তা দুর্ভাগ্যজনক। এ ধরনের সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।[BANGVIEWS-POST:3982]তিনি আরও বলেন, অনেক সময় ব্যাংকের নিম্নপদস্থ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ফাইল প্রক্রিয়া করেন। পরে কোনো আর্থিক অনিয়মের ঘটনায় তাদের আইনি জটিলতায় পড়তে হয়। এ ধরনের ঝুঁকি থেকে কর্মকর্তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা দরকার।আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলকে রাজনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের জায়গা না বানিয়ে শিক্ষা, মেধা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, বর্তমান বার কাউন্সিল নেতৃত্ব তরুণ ও গতিশীল। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আইন শিক্ষার্থী ও তরুণ আইনজীবীদের জন্য আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।