ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। তবে এবারের বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, টেলিটকের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে হবে।আবেদনের যোগ্যতা ও শারীরিক মাপকাঠি:বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২০ বছর।শারীরিক মাপকাঠির ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষদের ক্ষেত্রে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে সাধারণ নারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকা বাধ্যতামূলক।সতর্কবার্তা ও আবেদন ফি পরিশোধ:পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ মেধা, শারীরিক সক্ষমতা, সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আবেদনপত্রে ভুল, মিথ্যা বা তথ্য গোপনের আশ্রয় নিলে তাঁর প্রার্থিতা ও নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে; এমনকি চাকরি পাওয়ার পরও অসত্য তথ্য প্রমাণিত হলে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

 বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ