এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের
এশিয়ান গেমসের নারী হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। একপর্যায়ে ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের দল।রোববার (২৭ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কনা আক্তারের জোড়া গোলে ম্যাচে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরে চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার সেই গোলেই ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করে চাইনিজ তাইপে।এই হারে পাঁচ ম্যাচের গ্রুপ পর্বে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে চার হার ও এক ড্র দিয়ে। এক পয়েন্ট নিয়ে গ্রুপে পঞ্চম হয়েছে বাংলাদেশ।এর আগে চীনের বিপক্ষে ১৩-০, মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে টুর্নামেন্টে একমাত্র পয়েন্ট পেয়েছিল লাল-সবুজের মেয়েরা।অন্যদিকে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে চীন। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে দলটি।