ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তুরস্ক সফর ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

তুরস্কের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক একাডেমিক সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।এর আগে গত ৭ অক্টোবর (বুধবার) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরকালে গত ৮ অক্টোবর তিনি তুরস্কের জাতীয় সংসদের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সামগ্রিক সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণ, ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের রূপরেখা এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্কের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরেন ডা. শফিকুর রহমান।বক্তব্যে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব কোনো সাম্প্রতিক বা কয়েক দশকের বিষয় নয়; দুই দেশের জনগণের মধ্যে রয়েছে শত বছরের ঐতিহ্যগত ও আত্মিক ভ্রাতৃত্বের সম্পর্ক, যা আগামী দিনে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে আরও সুদৃঢ় হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা অংশ নেন।তুরস্কের সরকারি ও একাডেমিক কর্মসূচি সফলভাবে সমাপ্ত করে তিনি সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন এবং সেখান থেকেই রোববার সকালে ঢাকা প্রত্যাবর্তন করেন।

তুরস্ক সফর ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান