বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়া ডাচ রেফারির আকস্মিক মৃত্যু
নেদারল্যান্ডসের ফুটবল রেফারি রব ডাইপেরিঙ্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ডাইপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। সংস্থাটি বলেছে, তার মৃত্যুতে ফুটবল অঙ্গন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সম্মানিত রেফারিকে হারিয়েছে। একই সঙ্গে তারা একজন ভালো ও নিবেদিত সহকর্মীকেও হারিয়েছে।[BANGVIEWS-POST:1769]২০২৬ ফিফা বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন ডাইপেরিঙ্ক। তবে লন্ডনে একটি অভিযোগের পর পুলিশের তদন্তের কারণে গত মে মাসে ফিফার চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়।গত ৯ এপ্রিল লন্ডনের ক্রয়ডনে এক কিশোরকে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ ডাইপেরিঙ্ককে গ্রেফতার করেছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ, ডিজিটাল যন্ত্র ও অন্যান্য তথ্য-প্রমাণ পরীক্ষা করে। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পরে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়।তদন্তে অভিযোগ প্রমাণিত না হলেও ফিফা তাকে বিশ্বকাপের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরবর্তী সময়ে ডাচ গণমাধ্যমকে ডাইপেরিঙ্ক জানিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি শুরু থেকেই পুলিশকে সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা কিংবা ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে কোনো তথ্য গোপন করেননি।[BANGVIEWS-POST:1763]বিশ্বকাপের তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় হতাশার কথাও জানিয়েছিলেন তিনি। তদন্ত শেষ হওয়ার পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ঘরোয়া ফুটবলে তার দায়িত্ব পালনের সুযোগ বহাল ছিল।ডাইপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগে নিয়মিত রেফারির দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক পর্যায়েও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তার অভিজ্ঞতা ছিল। ইউরো ২০২৪ ও প্যারিস অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায়ও তিনি দায়িত্ব পালন করেন।তার আকস্মিক মৃত্যুতে নেদারল্যান্ডসসহ আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ডাইপেরিঙ্কের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।