সড়ক-ফুটপাতে দোকান বসালে আর ছাড় নয়
ফুটপাত দখল করে দোকান বসানো, সড়ক ও ফুটপাতে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফকিরাপুল, দৈনিক বাংলা ও মতিঝিল বক চত্বর এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ এবং সড়কে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।ডিএসসিসি প্রশাসক বলেন, বারবার সতর্ক করার পরও নির্দেশনা না মানলে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হবে। সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য, তাই সেখানে ব্যবসা পরিচালনা বা মালামাল রাখার সুযোগ দেওয়া হবে না।অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জমে থাকা পানি ও ময়লা-আবর্জনাও পরিষ্কার করা হয়।ডেঙ্গু নিয়ন্ত্রণে ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির সামনের অংশ নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানান আব্দুস সালাম। তিনি বলেন, জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা তৈরি হতে পারে। নগরবাসীকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।