ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের একটি গ্যাসক্ষেত্রে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি বা প্রায় ২১২ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের কথা জানিয়েছে দেশটি।ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ রোববার রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই গ্যাস মজুদের তথ্য জানান।পাকনেজাদের ভাষ্য অনুযায়ী, গ্যাসক্ষেত্রটির সম্ভাব্য পুনরুদ্ধার হার প্রায় ৭২ থেকে ৭৩ শতাংশ। সে হিসাবে নতুন আবিষ্কৃত মজুদ থেকে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে।[BANGVIEWS-POST:4357]ইরানের তেলমন্ত্রী বলেন, নতুন আবিষ্কৃত এই সম্পদ দেশের প্রাকৃতিক সম্পদের অন্তর্নিহিত মূল্যে কয়েক হাজার কোটি ডলার যোগ করতে পারে। গ্যাসের পাশাপাশি ক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটের মজুদও রয়েছে বলে জানান তিনি।বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে। তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বিনিয়োগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দেশটির জ্বালানি খাত পূর্ণ সক্ষমতায় বিকশিত হতে পারেনি।[BANGVIEWS-POST:4356]এমন সময় নতুন গ্যাস মজুদের খবর এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন ইরানের বাণিজ্য অংশীদারদেরও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান সতর্ক করেছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন গ্যাস মজুদ বাণিজ্যিকভাবে পূর্ণমাত্রায় উত্তোলন করা সম্ভব হলে তা ইরানের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।সূত্র: রয়টার্স