ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। দায়িত্ব নিয়েই তিনি জননিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাহিনীটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এসআরবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন ফারুক আহমেদ। পরে বাহিনীর সদস্যদের নিয়ে আয়োজিত স্বাগত দরবারে অংশ নেন তিনি।দরবারে নতুন মহাপরিচালক এসআরবির সব পর্যায়ের সদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে প্রচলিত নিয়মকানুন অনুসরণ করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।বাংলাদেশের জননিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। চাকরিতে যোগ দেওয়ার পর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।দীর্ঘ পুলিশি কর্মজীবনে তিনি মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও কাজ করেছেন ফারুক আহমেদ।এসআরবির মহাপরিচালক হওয়ার আগে তিনি অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ