বাংলাদেশের ‘নতুন তারকা’ ফারহানের রিলিজ ক্লজ কত
বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচে তিন গোল করে দেশের ফুটবলাঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। অল্প সময়ের মধ্যেই দর্শকনন্দিত পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলেও নিজের অবস্থান শক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন এই তরুণ ফুটবলার।বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও সিনিয়র পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য ধারে (লোনে) ন্যাশনাল লিগের ক্লাব বোরহ্যাম উডে খেলছেন ফারহান। জাতীয় দলে তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের পর সমর্থকদের মধ্যে তাঁর বর্তমান বাজারমূল্য, ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ এবং রিলিজ ক্লজ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’-এর তথ্য অনুযায়ী, ফারহান আলী ওয়াহিদের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তাঁর বাজারমূল্য সর্বশেষ হালনাগাদ করে এই অঙ্ক নির্ধারণ করা হয়। তবে ভবিষ্যতে অন্য কোনো ক্লাব তাঁকে স্থায়ীভাবে দলে নিতে চাইলে ঠিক কত অর্থ খরচ করতে হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি; কারণ ফুলহ্যামের সঙ্গে তাঁর চুক্তিতে কোনো রিলিজ ক্লজ বা বাই-আউট অঙ্ক প্রকাশ করা হয়নি।ফুলহ্যামের সঙ্গে ফারহানের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ায় ফুলহ্যাম। ফলে ধারে অন্য ক্লাবে খেললেও তাঁর মূল মালিকানা ও চুক্তি এখনো ফুলহ্যামের অধীনেই রয়েছে।ফারহানের ফুটবলের হাতেখড়ি হয়েছিল ইংলিশ ক্লাব চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে তিনি ফুলহ্যামের বয়সভিত্তিক দলে যোগ দেন এবং অনূর্ধ্ব-১২ পর্যায় থেকে ধাপে ধাপে নিজেকে তৈরি করেন। ২০২৫-২৬ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন তিনি। প্রিমিয়ার লিগ-২-এ ৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৯টি গোল। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের নভেম্বরে মাসসেরার পুরস্কার জেতার পাশাপাশি প্রতিযোগিতার মৌসুমসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান এবং ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।সিনিয়র পর্যায়ের ফুটবলে মানিয়ে নিতে ২০২৬ সালের আগস্টে তাঁকে ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ধারে বোরহ্যাম উডে পাঠায় ফুলহ্যাম। সেখানে ২০ নম্বর জার্সি পরে মাঠে নামছেন এই বাংলাদেশি উইঙ্গার।ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহান ২০২৬ সালে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। জাতীয় দলের জার্সিতে তাঁর ছন্দময় ফুটবলে মুগ্ধ হয়ে ভক্তদের অনেকেই তাঁকে ভালোবেসে ‘বাংলাদেশের মেসি’ বলে ডাকতে শুরু করেছেন। বিশ্লেষকদের মতে, এখন তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র ফুটবলে নিজের সামর্থ্য প্রমাণ করা; বোরহ্যাম উডের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে ইংল্যান্ডের আরও বড় ক্লাবে সুযোগ পাওয়ার পথ প্রশস্ত হতে পারে।