ফতুল্লা মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শন করল তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় গিয়ে ক্ষতিগ্রস্ত স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন।এদিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে এখনো ২৭ জন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন একই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন।পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ও সম্ভাব্য কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার এক্সটিংগুইশার না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নির্দেশনা জারি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়মিত তদারকির আওতায় আনা হবে।পরিদর্শনকালে তদন্ত কমিটির অন্য সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি এবং কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আজিজুর রহমান জানান, মাদ্রাসার তিনটি বহুতল ভবনে মোট ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করে। এর মধ্যে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয়তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। লাইব্রেরির বই ও আসবাবপত্র পুড়ে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া ওপরে উঠে গেলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চমতলায় ঘুমিয়ে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাঁদের মধ্যে অধিকাংশই প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ২৭ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসিইউতে থাকা ৪ জনসহ চিকিৎসাধীন সবার অবস্থাই বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে বলে জানান তিনি।