ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগের রিট খারিজ হাইকোর্টে

এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগ সৃষ্টিতে চাকরিবিধি সংশোধনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পদোন্নতির সুযোগ সৃষ্টি কিংবা চাকরিবিধিতে নতুন বিধান যুক্ত করার জন্য সরকারকে নির্দেশ দিতে পারেন না আদালত; এসব বিষয় নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত।গত ২ নভেম্বর বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং সম্প্রতি আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে। লিখিত আদেশে আদালত বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে বিচারিক পর্যালোচনার ক্ষমতা প্রয়োগ করে আদালত নির্বাহী বিভাগ বা আইন প্রণয়নকারী কর্তৃপক্ষকে কোনো নির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন কিংবা সংশোধনে বাধ্য করতে পারেন না। বিদ্যমান চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ না থাকলে নতুন করে সে সুযোগ সৃষ্টির নির্দেশনাও রিটের মাধ্যমে দেওয়া সম্ভব নয়।নথি অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যকর বিধান না থাকার বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট করেন মো. মনিরুল ইসলামসহ কয়েকজন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয় এবং ২০২৬ সালের ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ওই পরিপত্রে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক পদে নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা গ্রহণ, নির্বাচন ও সুপারিশের পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। রিটকারীদের দাবি ছিল, আইনগত কর্তৃত্ব ছাড়াই পরিপত্র জারি করা হয়েছে এবং ১৯৭৯ সালের প্রবিধানমালা সংশোধন করে পদোন্নতির বিধান যুক্ত করা প্রয়োজন।লিখিত আদেশে হাইকোর্ট বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৫-এর ২১ ধারায় সরকার ২০২৫ সালে সংশ্লিষ্ট বিধিমালা প্রণয়ন করেছে এবং ২৭ জানুয়ারির পরিপত্রটি ওই বিধিমালার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনা মাত্র, যা আইনটির ৮ ধারার (ত) উপধারার আওতায় দেওয়া যায়। ফলে পরিপত্রটিতে হস্তক্ষেপ করার মতো কোনো বেআইনি বিষয় পাওয়া যায়নি। পাশাপাশি আদালত মন্তব্য করেন, কোনো পদে সরাসরি নাকি পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে এবং চাকরিবিধিতে পদোন্নতির সুযোগ রাখা হবে কি না, তা নির্বাহী ও আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিজস্ব নীতিনির্ধারণী এখতিয়ারভুক্ত; এ বিষয়ে হস্তক্ষেপের কারণ না থাকায় রিটটি সরাসরি খারিজ করা হয়েছে।

প্রধান শিক্ষক পদে পদোন্নতির সুযোগের রিট খারিজ হাইকোর্টে