ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিকপক্ষের

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস বা একেবারে নতুন শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাবনা জমা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।শ্রমিকপক্ষের প্রস্তাবিত খসড়া কাঠামো অনুযায়ী, মোট চারটি মূল গ্রেডে মজুরি বিন্যাস করা হয়েছে। এতে গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষানবিস শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে উক্ত সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবসের সময় প্রার্থনা করে। পর্যালোচনার পর মজুরি বোর্ড মালিকপক্ষকে প্রস্তাব জমা দিতে চার কার্যদিবস সময় বেঁধে দেয়।বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ নির্ধারিত সময়ে প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ প্রস্তুতির জন্য সময় চেয়েছে। তিনি জানান, নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন অর্থনৈতিক ও জীবনযাত্রার সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারবেন এবং পরবর্তী সভায় বিশেষজ্ঞদের যুক্ত করতে পারবেন। এ ছাড়া দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক ও তাঁদের পরিবারের জীবনমানের বাস্তবতা সরাসরি মূল্যায়নের লক্ষ্যে চলতি সপ্তাহেই বোর্ডের সদস্যরা সরেজমিনে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করবেন।এর আগে সভা শুরুর প্রাক্কালে মজুরি বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকেও মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নতুন এই কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে, যার ফলে সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি ২০২৭ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন শ্রমিকেরা। বর্তমানে পোশাক খাতের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিকপক্ষের