ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির বিশেষ নিরাপত্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত জানিয়েছেন এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।শারদীয় দুর্গাপূজা ঘিরে সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। এবারের পূজায় প্রতিদিন দায়িত্ব পালন করছেন বাহিনীর ২ হাজার ৪৫৭ জন সদস্য। পাশাপাশি ১৫টি ব্যাটালিয়নের ৬ হাজারের বেশি সদস্যকে নিয়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।এসআরবির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে। এটি চলবে ২২ অক্টোবর পর্যন্ত। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেলে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।এখন পর্যন্ত কোনো নাশকতার হুমকি পাওয়া যায়নি বলে জানানো হলেও সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতাও পর্যবেক্ষণ করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পূজার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ঠেকাতে ২৪ ঘণ্টা কাজ করছে সাইবার মনিটরিং টিম। পাশাপাশি বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজও করা হচ্ছে।নারী দর্শনার্থীদের নিরাপত্তা এবং ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআরবি মহাপরিচালক।শুধু পূজার দিনগুলো নয়, বিজয়া দশমীর প্রতিমা পরিবহন ও বিসর্জন ঘিরেও থাকবে বিশেষ নিরাপত্তা। নির্ধারিত রুটে টহল জোরদার করা হবে এবং বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা।এসআরবি বলছে, ধর্মীয় উৎসবটি যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির বিশেষ নিরাপত্তা