শেরপুরে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলায় প্রবল স্রোতে চেল্লাখালী নদীর ওপর নির্মিত একটি বেইলি সেতু ভেঙে পড়েছে।সোমবার দুপুরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ার সময় সেখানে থাকা দুই শিশুসহ তিনজন নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।[BANGVIEWS-POST:2183]স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। একপর্যায়ে প্রবল স্রোতে সেতুর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়ে।সেতুটি ধসে যাওয়ায় নয়াপাড়া, দক্ষিণ সন্ন্যাসীভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এর আগেও একই স্থানে পাহাড়ি ঢলে একটি বেইলি সেতু ভেসে গিয়েছিল। পরে ২০২০ সালের দিকে নতুন করে নির্মিত সেতুটি স্থানীয়ভাবে ‘মায়ের ব্রিজ’ নামে পরিচিত ছিল।এদিকে চেল্লাখালী নদীর পানি বেড়ে শেরপুর-নালিতাবাড়ী-গাজীরখামার সড়কের গোল্লারপাড় এলাকায় সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। ঝিনাইগাতী উপজেলাতেও সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ভাঙন ও জলাবদ্ধতা দেখা দিয়েছে।[BANGVIEWS-POST:2180]শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সকালে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৩২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের দিকে পানি কমতে শুরু করেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ভারি বৃষ্টি না হলে এবং উজান থেকে অতিরিক্ত পানি না এলে পরিস্থিতির উন্নতি হতে পারে।