ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। দেশটির বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে জোরালো করেছে।আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত। ‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হচ্ছে; এর মধ্যে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, ইপিবির উপপরিচালক মাহমুদা খাতুন, উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক অংশ নিচ্ছেন এবং কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল ও কৃষিপ্রযুক্তিসহ ২০টি খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের পাশাপাশি নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠক এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সুযোগ তৈরি হবে। প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য এবং শেষ দিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল বাংলাদেশ