আধুনিক সুবিধায় নাটোরকে পর্যটন হাব করা হবে: পর্যটনমন্ত্রী
ঐতিহাসিক নাটোরকে উন্নত আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য আধুনিক সুবিধা দিয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সারা দেশে পর্যটন খাতের উন্নয়নে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের বিভিন্ন পর্যটন স্পট পর্যায়ক্রমে উন্নত করা হবে। নাটোর থেকেই এই পরিকল্পনার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3308]উত্তরা গণভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আফরোজা খানম বলেন, এই স্থাপনাটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্যাবিনেট সভা করেছেন। তবে দেশের অনেক মানুষ এখনো এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানেন না। এই ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হবে।মন্ত্রী জানান, সারা দেশে মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানকে পর্যটনবান্ধব করে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নাটোরের মতো সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের জায়গা খুব বেশি নেই বলেও মন্তব্য করেন তিনি।নাটোরে পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পর্যটকদের জন্য মানসম্মত আবাসন, খাবারের ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে ভালো মানের হোটেল ও উন্নত চিকিৎসা অবকাঠামোর ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করে নাটোরকে এমন একটি পর্যটন হাবে রূপ দেওয়া হবে, যেখানে ভ্রমণকারীরা থাকা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত প্রয়োজনীয় সেবা পাবেন।তিনি বলেন, পর্যটনকেন্দ্রগুলোকে মানুষের কাছে আরও সহজলভ্য করার দায়িত্ব সরকার তাকে দিয়েছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার কথাও জানান তিনি।[BANGVIEWS-POST:3307]নাটোরকে একটি আদর্শ পর্যটনকেন্দ্রে পরিণত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন পর্যটনমন্ত্রী।এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।