ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানী ঢাকার চারপাশের নদীপথে যাত্রীবাহী ওয়াটার বাস সেবা আবার চালুর পরিকল্পনা করছে সরকার। তবে সেবা শুরুর আগে নদীদূষণ, নাব্যতা, সেতুর উচ্চতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং পর্যাপ্ত যাত্রী পাওয়ার মতো চ্যালেঞ্জগুলোর সমাধান করতে হবে।রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ পরিকল্পনার কথা জানান। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করে সেবাটি পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।প্রস্তাবিত রুটে গাবতলী থেকে যাত্রা শুরু করে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বসিলা হয়ে আবার গাবতলীতে ফেরার ব্যবস্থা রাখা হতে পারে। যাত্রী পরিবহনের পাশাপাশি নদীপথকে পর্যটন ও বিনোদনের উপযোগী করে তোলার বিষয়টিও পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের অনেক নদীতে আবর্জনা, দূষণ ও দুর্গন্ধ রয়েছে। এ অবস্থায় মানুষ নৌপথে ভ্রমণে আগ্রহী হবে না। নদীর পরিবেশ উন্নত এবং যাত্রাপথ আকর্ষণীয় করা গেলে নিয়মিত যাত্রীর পাশাপাশি পর্যটকদেরও ওয়াটার বাসে আগ্রহী করা সম্ভব।[BANGVIEWS-POST:2967]হাতিরঝিলের ওয়াটার বাস ব্যবস্থার সঙ্গে ঢাকার চারপাশের নদীপথের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, হাতিরঝিলের রুট ছোট এবং সেখানে যাত্রী চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু দীর্ঘ নদীপথে শুধু যাত্রী পরিবহননির্ভর সেবা আর্থিকভাবে টেকসই না-ও হতে পারে। এ কারণে পর্যটনভিত্তিক কার্যক্রমও যুক্ত করার চিন্তা করা হচ্ছে।নদীপথে কয়েকটি নিচু সেতুও ওয়াটার বাস চলাচলের পথে বাধা হতে পারে। বিশেষ করে টঙ্গীর রেলসেতুর নিচে বড় নৌযান চলাচলের মতো পর্যাপ্ত উচ্চতা নেই। বিকল্প হিসেবে যাত্রীদের সেতুর এক পাশে নামিয়ে অন্য পাশে অপেক্ষমাণ আরেকটি ওয়াটার বাসে তোলার ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।প্রকল্পটির জন্য এখনো আলাদা বাজেট নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো আপাতত নিজেদের দায়িত্বের মধ্যে প্রাথমিক কাজ করবে। পরে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে পৃথক বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। মন্ত্রী জানান, বিভিন্ন দপ্তরকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। আগামী দুই মাস পর অগ্রগতি পর্যালোচনায় আবার বৈঠক হবে। সেখানে নদীদূষণ নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ, রুট, অবকাঠামো ও যাত্রীবান্ধব সেবা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ