নারী নির্যাতন প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এই উদ্যোগের মাধ্যমে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাবেন।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা আয়োজিত ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।এই সমঝোতার উদ্দেশ্য হলো নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানো।নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহিদ হোসেন বলেন, নারী নির্যাতন প্রতিরোধ এবং দেশের সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না এবং নারীরা তাঁদের প্রাপ্য মর্যাদা পাবেন।নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তাঁর মতে, এ ধরনের সহিংসতা বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, সরকার নীতি গ্রহণ, আইনগত সহায়তা এবং বিভিন্ন সেবা নিশ্চিত করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের আইনগত অগ্রগতির তথ্যও তুলে ধরেন বক্তারা।তাঁরা জানান, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ১০৪টি দেশে পৌঁছেছে।তবে আইন প্রণয়নের অগ্রগতি সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। বরং প্রচলিত নির্যাতনের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।বক্তারা বাংলাদেশের নারী নির্যাতন প্রতিরোধসংক্রান্ত আইনগুলো আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি অতিথি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন এসব তথ্য জানিয়েছেন।