যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল তার গ্রহণযোগ্যতা ও সমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েল প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক পর্যায়ে দেশটি বর্তমানে সবচেয়ে কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি বলেও মন্তব্য করেছেন তিনি।শনিবার (২২ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বেনেটের এসব বক্তব্য তুলে ধরা হয়।প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার তেল আবিবে আয়োজিত ‘ইসরায়েল সিকিউরিটি কনসেপ্ট কনফারেন্সে’ বক্তব্য দেন নাফতালি বেনেট। পরে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়।[BANGVIEWS-POST:4249]বক্তব্যে ইসরায়েলের বর্তমান আন্তর্জাতিক অবস্থার সমালোচনা করে বেনেট বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন হারিয়েছে ইসরায়েল। তার মতে, রাষ্ট্র প্রতিষ্ঠার পর বৈশ্বিক অঙ্গনে দেশটির অবস্থান কখনো এতটা দুর্বল হয়নি।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমেরও সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ফ্রন্টে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। বিশেষ করে গাজা ও লেবানন পরিস্থিতিতে সরকারের নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।বেনেট আরও অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যে নেতিবাচক জনমত ও প্রচারণা তৈরি হয়েছে, তা মোকাবিলায় দেশটির কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি রয়েছে।[BANGVIEWS-POST:4248]ইসরায়েলের পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গাজা যুদ্ধের ব্যবস্থাপনা এবং বিভিন্ন মিত্র দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতির বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনা করে আসছেন।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির বিরুদ্ধে সমালোচনা ও বিরোধিতা বেড়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজায় ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রভাব ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থানের ওপরও পড়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।