ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলাম কিবরিয়া লালন। এ সময় তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন। শিক্ষার্থীদের অভিযোগ, ওই সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।শিক্ষার্থীদের দাবি, একপর্যায়ে শিক্ষক প্রধানমন্ত্রীকে নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানান। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, তিনি মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।প্রধান শিক্ষকের ভাষ্য, শিক্ষক গোলাম কিবরিয়া লালন তার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন বক্তব্য দিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক।এরপর পুলিশ বিদ্যালয়ে এসে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে নিয়ে যায়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক