ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফি আমানিল্লাহ’ লেখা হার পরে আলোচনায় দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের গয়নায় পবিত্র কোরআনের আয়াত ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। চার বছর আগে কান চলচ্চিত্র উৎসবে তাঁর পরা একটি হারের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই হারে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার বাংলা অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে বিচারক প্যানেলের সদস্য ছিলেন দীপিকা। সে সময় ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাক ও গয়না পরে উৎসবে অংশ নেন তিনি। তাঁর ব্যবহৃত গয়নাগুলোর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে ‘লখনউ রোজ’ নামের একটি হার।মূল্যবান রঙিন রত্ন ও আনকাট হীরা দিয়ে তৈরি হারটির একটি অংশে আরবি বাণী খোদাই করা ছিল। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অন্তর্ভুক্ত এই গয়নায় ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয় করা হয়েছিল।তবে সে সময় দীপিকার গয়না নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়নি। বরং গয়নাটির নকশা ও আরবি বাণী বিভিন্ন ফ্যাশনবিষয়ক প্রতিবেদনে জায়গা পেয়েছিল।সম্প্রতি কারিনা কাপুর খানের একটি লকেট নিয়ে বিতর্ক শুরু হলে দীপিকার চার বছর আগের ছবিটিও নতুন করে সামনে আসে। এর পর ধর্মীয় বাণী খচিত গয়না ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ব্যবহারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।চলতি বছরের দীপাবলি উদ্‌যাপনের সময় অভিনেত্রী কারিনা কাপুর খান ৩০ ক্যারেট পান্না বসানো একটি লকেট পরেছিলেন। ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল।ডিজাইনার পুনীত বালানার তৈরি বেইজ রঙের পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরেন অভিনেত্রী। তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর জানান, গয়নাটি ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী সংগ্রহের অংশ।তবে পবিত্র কোরআনের আয়াতসংবলিত লকেট ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করার বিষয়টি নিয়ে আপত্তি ওঠে।গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে কারিনা কাপুর খান ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র ধর্মীয় বাণী ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখার নিশ্চয়তাও চাওয়া হয়।তবে কারিনার বিরুদ্ধে আপত্তির বিষয়টি তাঁর পোশাক বা ব্যক্তিগত ফ্যাশন পছন্দ নিয়ে নয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর আপত্তি মূলত পবিত্র আয়াতসংবলিত গয়না কীভাবে প্রকাশ্যে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে।অন্যদিকে ভোপালের হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ কারিনার পাশে দাঁড়িয়েছে। সংগঠনগুলো অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছে।এ বিষয়ে কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে দুই অভিনেত্রীর গয়না ঘিরে আলোচনার মধ্য দিয়ে ধর্মীয় বাণীর প্রতি শ্রদ্ধা, ঐতিহ্যবাহী অলংকারের ব্যবহার এবং ব্যক্তিগত ফ্যাশনের স্বাধীনতার বিষয়গুলো আবার সামনে এসেছে।

‘ফি আমানিল্লাহ’ লেখা হার পরে আলোচনায় দীপিকা পাড়ুকোন