নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’
গাজীপুরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনভর বিক্ষোভ ও উত্তেজনা তৈরি হয় শিল্পাঞ্চলে। অথচ যাঁর মৃত্যুর খবরে এত আলোচনা, সেই নারী নিজেই জীবিত ও সুস্থ অবস্থায় থানায় হাজির হয়েছেন। পুলিশকে জানিয়েছেন, তিনি মারা যাননি। তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় গিয়ে নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার ওরফে মিলি।দিলরুবা গাজীপুরের ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সেলাই বিভাগের অপারেটর। তিনি নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কারখানায় ফেরার পথে কয়েকজন বহিরাগত ব্যক্তির বাধা ও ধাক্কাধাক্কির শিকার হন দিলরুবা। এ সময় তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।দিলরুবা জানান, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে হামলাকারীদের তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তারা তাঁর কথা শোনেনি। একপর্যায়ে তাঁর কাছ থেকে কারখানার পরিচয়পত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দিলরুবা মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে গুজবটি ছড়িয়ে পড়লে পোশাকশ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়।সন্ধ্যা ছয়টার দিকে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ মৃত্যুর খবরটির সত্যতা যাচাই শুরু করে।এদিকে নিজের মৃত্যুর খবর ফেসবুকে দেখতে পান দিলরুবা। বিষয়টি জানতে পেরে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁদের সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টার দিকে গাছা থানায় উপস্থিত হন।থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিলরুবা বলেন, ‘স্যার, আমি মরি নাই। আমি বেঁচে আছি, সুস্থ আছি।’গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে কারখানার কর্মকর্তাদের সঙ্গে ওই নারী থানায় আসেন। এ সময় তিনি নিজেই তাঁর মৃত্যুর খবর মিথ্যা বলে নিশ্চিত করেন এবং হামলার ঘটনার বিস্তারিত জানান।দিলরুবা পুলিশকে বলেন, হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু হামলাকারীরা তাঁর পরিচয়পত্র নিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন।এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে দিলরুবা আক্তারের জীবিত ও সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।এদিকে মঙ্গলবারের ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দিলরুবা। পুলিশের সঙ্গে কথা বলা শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফিরে যান।নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতির কারণে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।তবে দিলরুবা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া তথ্যটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তাঁর ওপর হামলা ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে