দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকার কথা রয়েছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে, শনিবার থানা পয়েন্টে বিএনপির একটি পক্ষের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অন্যদিকে, এ কর্মসূচির বিরোধিতা করে অবস্থান নেন সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দুই পক্ষের মিছিল ও পাল্টা মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।[BANGVIEWS-POST:3347]দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ‘জুলাই স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী। ওই সমাবেশে তিনি ৮ আগস্ট বিএনপির নামে পৃথক কর্মসূচি আয়োজনের সমালোচনা করেন এবং ৬ আগস্টের অনুষ্ঠানকেই দলের মূল সমাবেশ হিসেবে উল্লেখ করেন।এর মধ্যে দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপির কয়েকজন নেতার উদ্যোগে শনিবার একই স্থানে আরেকটি সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা এটিকে বিএনপির দলীয় কর্মসূচি বলে দাবি করেছেন।অন্যদিকে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারীরা বলছেন, শনিবারের কর্মসূচিটি দলের অনুমোদিত নয়। তাই তারা ওই সমাবেশ প্রত্যাখ্যান করেছেন।পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিরাই শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যেও সংঘাতের আশঙ্কা তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করে। পরে উপজেলা প্রশাসন চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করে।[BANGVIEWS-POST:3345]দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি পক্ষ সমাবেশ শুরু করলেও এখন পর্যন্ত সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও উত্তেজনা অব্যাহত রয়েছে।