টানা ভারী বৃষ্টিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সড়কের প্রায় ১৫ ফুট অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বর্ষণের কারণে জয়রামপুর কাঁঠালতলা জামে মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। একপর্যায়ে সড়কের বড় একটি অংশ ধসে পড়ে। বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে।[BANGVIEWS-POST:1541]কুমারীদহ গ্রামের বাসিন্দা মসলেম আলী বলেন, রাতভর বৃষ্টির পর সকালে উঠে সড়কের বড় অংশ ভেঙে যেতে দেখেন। এখন ঘুরপথে চলাচল করতে হওয়ায় সময় ও খরচ দুটোই বেড়েছে।স্থানীয় ব্যবসায়ী কালু শেখ বলেন, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়ক ধসে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।স্থানীয় বাসিন্দা আরিফুর ইসলাম মিলন বলেন, জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মানুষের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, সড়ক ধসের বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।[BANGVIEWS-POST:1543]এদিকে এলাকাবাসীর অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুঁকি দেখা দিলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসই সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চলমান বর্ষায় ভাঙন আরও বিস্তৃত হয়ে আশপাশের এলাকাও ঝুঁকির মুখে পড়তে পারে।