ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে সমীক্ষার কাজ শুরু
ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।বিমানবন্দর নির্মাণের কারিগরি ও ভৌগোলিক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণ করে চালু করতে সাধারণত ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ঢাকা থেকে ১০০ কিলোমিটারের মধ্যে আর কোনো বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই বলে উল্লেখ করে তিনি জানান, ত্রিশালে নির্ধারিত স্থানটি ঢাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত। বিমানবন্দরটির জন্য প্রায় দুই হাজার একর জমির প্রয়োজন হওয়ায় জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং সমীক্ষায় সবকিছু ইতিবাচক পাওয়া গেলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে।এছাড়া বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, নেত্রকোনার দুর্গাপুর, বিরিশিরি এবং ময়মনসিংহের হালুয়াঘাটকে সমন্বিত করে একটি আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলার মহাপরিকল্পনা সরকারের রয়েছে।অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া পতিত ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসার যে কল্পনা করছে, তা অবান্তর। তবে পলাতক ও পতিত গোষ্ঠীর ইন্ধনে কিছু দুষ্কৃতকারী বিচ্ছিন্ন সহিংসতা ঘটানোর চেষ্টা করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সেসব ঘটনা অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে, যাতে সরকার স্থির হতে না পারে।চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শ্রমিকদের আয়-রোজগার বৃদ্ধিতে নিরলস পরিশ্রম করছেন। সাধারণ শ্রমিকরা তা বুঝতে পেরে আন্দোলন থেকে সরে এসেছেন; মূলত ফ্যাসিস্টদের কিছু গুপ্তচর উসকানি দিয়ে কারখানা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।এর আগে ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিপক্ষ দল নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ত্রিশাল আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, সিটি কর্পোরেশনের মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং পুলিশ সুপার কামরুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।