রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়েম্যানসহ সাতজন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের নজরে আসে। রেলওয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী স্টেশনে ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহের জন্য দুটি ওয়াগন আনা হয়েছিল। তেল দেওয়ার পর ওয়াগনগুলো ঢাকা মেল সিক্স ডাউন ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হয়।[BANGVIEWS-POST:3969]সূত্র অনুযায়ী, হরিয়ান স্টেশনে ট্রেনটি প্রায় তিন মিনিটের জন্য বিরতি দেয়। এই সময়ের মধ্যেই ওয়াগনের ভেতর থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে। তবে কী পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।স্থানীয়দের দাবি, হরিয়ান স্টেশন এলাকায় তেল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন অভিযোগ উঠেছে। সাধারণত রাতের বেলায় এসব ঘটনা ঘটলেও এবার দিনের বেলায় ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ওয়াগনের ওপরে উঠে তেল নামাতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে রেললাইনের পাশে অবস্থান করতেও দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ভিডিওর মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।অভিযোগের বিষয়ে ওয়েম্যান কিরন আলী নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার ভাইসহ অন্যরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি জানতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।[BANGVIEWS-POST:3968]হরিয়ান স্টেশন মাস্টার আরিফ হোসেন বলেন, ট্রেনটি অল্প সময়ের জন্য স্টেশনে থামে। সে সময় তিনি অন্য একটি ট্রেনের ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলেন। পরে চিৎকার শুনে বাইরে এসে কয়েকজনকে ট্রেনের পেছনে দৌড়াতে দেখেন।পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছিল। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।