বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো, কর্মসংস্থান ৪৪০০ জনের
বাংলাদেশের বস্ত্রশিল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠকে সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিরা বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। প্রস্তাবিত কারখানায় ডেনিম কাপড় তৈরির পাশাপাশি সুতা উৎপাদনের জন্য সমন্বিত স্পিনিং ইউনিট থাকবে। এতে একই শিল্পপ্রতিষ্ঠানে সুতা ও কাপড় উৎপাদনের সুযোগ তৈরি হবে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির মাসিক উৎপাদন সক্ষমতা হবে প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড়। বছরে সেই সক্ষমতা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি মিটার। সব প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে।প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এটি চালু হলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য দেশীয়ভাবে ডেনিম কাপড় সংগ্রহের সুযোগ বাড়বে। পাশাপাশি বস্ত্র খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়তে পারে।সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সালে বস্ত্র খাতে ব্যবসা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।প্রতিষ্ঠানটির ডেনিম উৎপাদন বিভাগ ইসকো আন্তর্জাতিক বস্ত্রবাজারে পরিচিত একটি নাম। এ বিভাগের বার্ষিক ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের ৬০টির বেশি দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।অন্যদিকে ডিবিএল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং প্রতিষ্ঠানটির ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের তালিকায় রয়েছে। নিয়মিত যোগাযোগ, বিনিয়োগকারী সহায়তা এবং প্রকল্পসংক্রান্ত আলোচনার মাধ্যমে সানকোর প্রাথমিক আগ্রহ এখন বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে পৌঁছেছে।তবে এর আগে জুলাই মাসে সানকো হোল্ডিং চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একই পরিমাণ অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। নতুন ঘোষণায় যৌথ অংশীদার হিসেবে ডিবিএল গ্রুপ এবং কারখানার অবস্থান হিসেবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের নাম এসেছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। পরিকল্পিত বিনিয়োগ বাস্তবে রূপ নিলে মৌলভীবাজারে নতুন কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশের ডেনিম ও বস্ত্র উৎপাদন খাতেও বড় পরিসরে সক্ষমতা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।