ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান

গান ও অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও উপস্থাপনায় সক্রিয় রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এবার তাঁর সঞ্চালনায় নতুন আয়োজনে ফিরছে জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। অনুষ্ঠানটির তৃতীয় সিজনের নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে।এর আগে অনুষ্ঠানটির প্রথম দুটি সিজন সঞ্চালনা করেছেন তাহসান। আয়োজক প্ল্যাটফর্ম বঙ্গের দাবি, দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জন করেছে।এবারের আয়োজনে প্রতিযোগিতার ধরনেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ফরম্যাটে অংশগ্রহণকারী পরিবারগুলোকে একাধিক ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বুদ্ধিমত্তা, অনুমান করার দক্ষতা এবং দলগত সমন্বয়ের মাধ্যমে প্রতিযোগীদের এগিয়ে যেতে হবে চূড়ান্ত পর্বের দিকে।নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাহসান রহমান খান।তিনি বলেন, “ফ্যামিলি ফিউড’ সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!”আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, নতুন সিজনে সর্বোচ্চ স্কোর অর্জনকারী পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেবে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পরিবার দুটি ফাইনালের বাকি একটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।এরপর চূড়ান্ত পর্বে মুখোমুখি হবে সেরা দুই পরিবার। শেষ লড়াইয়ে বিজয়ী পরিবার পাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব এবং সেরা পুরস্কার।অনুষ্ঠানের নির্মাতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত প্রতিযোগিতায় তুলে ধরতে বাংলাদেশের সব জেলায় জরিপ পরিচালনা করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল অনুষ্ঠানটিকে দেশের সব শ্রেণি ও অঞ্চলের দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়েছে। নতুন সিজনেও প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকছে।তাহসান সাম্প্রতিক সময়ে গান ও অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন। তবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর মাধ্যমে উপস্থাপনায় তাঁর উপস্থিতি অব্যাহত রয়েছে।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান