তাজমহলে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী
ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তবে দিল্লির বিখ্যাত হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি তিনি। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে পাকিস্তানি মন্ত্রীর ওই সফরের প্রস্তাব অনুমোদন করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার (২১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।মুসাদ্দিক মালিক বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।ভারত সফরের সময় আগ্রার তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের মন্ত্রী। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়।প্রথমে ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছিল, এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি মুসাদ্দিক মালিককে।তবে পরবর্তী সময়ে অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগ্রার তাজমহল পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নিজামুদ্দিন দরগায় যাওয়ার প্রস্তাবে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়নি।ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল তাজমহল ছাড়াও দিল্লির কয়েকটি ঐতিহাসিক ও পর্যটনস্থান পরিদর্শন করতে পারবে।এসব স্থানের মধ্যে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, দিল্লি হাট এবং কিলা রায় পিথোরা।তবে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন নির্দিষ্ট ওই স্থানে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এই ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। এর ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।ওই সংঘাতের পর প্রথমবারের মতো পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর প্রায় সাড়ে তিন বছর কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করেননি।বর্তমান সফরে মুসাদ্দিক মালিকের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দল এসসিওর সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিচ্ছে।ভারতের পক্ষ থেকে তাজমহলসহ কয়েকটি স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও নিজামুদ্দিন দরগা সফরে নিরাপত্তা ছাড়পত্র না দেওয়ায় বিষয়টি সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।সূত্র: হিন্দুস্তান টাইমস