ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না

পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে আবারও কলকাতায় এসেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দুটি নির্ধারিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে তিনি কলকাতায় পৌঁছান।বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাঁকে ‘উমা’ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে তসলিমা নাসরিন তাঁর রচিত ‘শিকল ভাঙার গল্প’ উপস্থাপন করেন, যেখানে তাঁর স্বকণ্ঠের কবিতার সঙ্গে বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং বিশিষ্ট জাদুকর পি সি সরকার জুনিয়রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জন্মভূমিতে ফেরা নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি এখানে নিজের মতামত স্বাধীনভাবে তুলে ধরতে পারি। তবে বাংলাদেশে আমি আর কখনো ফিরতে পারব না, তা এখন মেনে নিয়েছি। আমি তো বটেই, আমার মৃত্যুর পরও হয়তো ওরা আমার লাশ দেশে নিয়ে যেতে দেবে না।’উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন তিনি এবং জানিয়েছিলেন সুযোগ পেলেই প্রিয় এই শহরে বারবার ফিরে আসবেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে। তবে শারদীয় দুর্গাপূজার মূল দিনগুলোতে কলকাতায় অবস্থান করবেন না জানালেও তসলিমা উল্লেখ করেন, কলকাতার দুর্গাপূজার বর্ণিল আবহ তিনি সবসময় উপভোগ করেন।

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না