খেলনা ঘোষণায় আমদানি, আটক প্রায় এক কোটি টাকার ১,৯৮০ ড্রোন
খেলনা আমদানির ঘোষণা দিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোনের একটি চালান আটক করেছে ঢাকা আইসিটি কাস্টমস হাউস। চালানটির ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের মিল না থাকায় কায়িক পরীক্ষার সময় ড্রোনগুলো শনাক্ত করা হয়।বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআর জানায়, ঢাকার চকবাজারের মিম কালেকশন নামের একটি প্রতিষ্ঠান ২৭ সেপ্টেম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনা আমদানির ঘোষণা দেয়। ঘোষণায় ‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল খেলনা’সহ বিভিন্ন পণ্যের কথা উল্লেখ করা হয়েছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কায়িক পরীক্ষার আওতায় আনে কাস্টমস কর্তৃপক্ষ। পরীক্ষার সময় ঘোষণার বাইরে থাকা ড্রোনের সন্ধান পাওয়া যায়। মোট ১ হাজার ৯৮০টি ড্রোনের ওজন ৬৫৮ কেজি। কাস্টমসের প্রাথমিক হিসাবে এসব ড্রোনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা ড্রোনগুলো আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রিত পণ্যের আওতায় পড়ে কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ড্রোনগুলোর উড্ডয়ন সীমা এবং আমদানির সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় অনুমোদন ও দলিলপত্রও পরীক্ষা করা হচ্ছে।ঢাকা আইসিটি কাস্টমস হাউসের কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, আমদানি নীতিমালার বাইরে পণ্য প্রবেশ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে কাস্টমস কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। আমদানিকারকের ঘোষণার সঙ্গে চালানে থাকা পণ্যের বাস্তব মিল রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত কায়িক পরীক্ষা ও পর্যবেক্ষণ চালানো হবে।কাস্টমস সূত্র জানায়, ড্রোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য রাজস্ব ও জরিমানা নির্ধারণের পাশাপাশি আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।