ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

‘সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারলেও সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তাঁর কোনো সহযোগীকে সাতক্ষীরার শ্যামনগরে ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে কর্মসূচিটির আয়োজন করা হয়।সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।’শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।তিনি বলেন, ওই সময়ে বিএনপি নেতা চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো ব্যক্তিরা গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ তুলে ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার আগের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের কষ্ট এখনো শেষ হয়নি।শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।শ্যামনগরের বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, গত নয় মাস ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। তাঁর দাবি, এ সময়ে আগের মতো বিরোধী রাজনৈতিক মতের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটেনি।ভবিষ্যতেও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন ড. মনিরুজ্জামান। তাঁর অভিযোগ, একটি দেশ শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে আবার নিজেদের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে।তবে বাংলাদেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা মেনে নেবে না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ১৮ কোটি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।বাংলাদেশ আর ভারতের অধীনতা মেনে চলবে না বলেও মন্তব্য করেন সাতক্ষীরা জেলা বিএনপির এই নেতা।শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা।

‘সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’
Richman