ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার

দেশের যোগ্য, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে যারা মেধা, যোগ্যতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম, তাদের অনেকেই রাজনীতিতে আসতে আগ্রহী নন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দ্য সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যোগ্য ও দক্ষ নাগরিকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, এসব মানুষ জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে নিজেদের জ্ঞান, মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে পারেন। এতে রাষ্ট্র পরিচালনা, দেশ গঠন এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারও বারবার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার নতুন যাত্রা শুরু হয়েছিল। তার মতে, সে সময় একটি কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।অন্যদিকে ২০০৮ সালের পর দেশের গণতান্ত্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ওই সময় থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করে কায়সার কামাল অভিযোগ করেন, তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এসব নির্বাচনকে তিনি প্রহসনমূলক ও ডামি নির্বাচন হিসেবে অভিহিত করেন।জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করা প্রয়োজন।এ জন্য রাজনৈতিক অঙ্গনে যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সংসদের কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল।

যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার