ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে বছরে দুধের ঘাটতি ৫ লাখ টনের বেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশে প্রতি বছর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন। এই ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশদূষণ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অথচ জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান রয়ে গেছে।তাঁর মতে, শুধু দুধের উৎপাদন বাড়িয়ে এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এজন্য খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন নিশ্চিত করতে হবে।দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে ডেইরি খাতের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সুযোগ তৈরি করছেন। এই খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, সহজ অর্থায়ন এবং বাজারে প্রবেশের সুবিধা বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।প্রতিমন্ত্রী জানান, পশুখাদ্যের বাড়তি দাম, তুলনামূলক কম উৎপাদনশীলতা, দুধ সংরক্ষণের পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা দেশের ডেইরি খাতের অন্যতম সমস্যা।এসব সমস্যা মোকাবিলায় সুষম পশুখাদ্য, বিজ্ঞানভিত্তিক প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি খামারগুলোকে আরও লাভজনক করার সুযোগ রয়েছে বলে জানান।বাংলাদেশের দুগ্ধশিল্পকে জলবায়ু-সহনশীল করতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো জরুরি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এজন্য দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা আধুনিক করা এবং বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, টেকসই দুগ্ধ খাত গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এসব উদ্যোগের অন্তর্ভুক্ত।এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তি খামারিদের কাছে পৌঁছে দিতে উন্নয়ন সহযোগী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক বাড়ানো এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে সরাসরি অংশীদারত্ব জোরদারের পরামর্শও দেন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।এ সময় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশে বছরে দুধের ঘাটতি ৫ লাখ টনের বেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী