ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ

ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন সেবা আরও সহজ ও দ্রুত করতে চালু করা হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে পর্যালোচনা শেষে সেখান থেকেও ডাউনলোডের সুযোগ পাওয়া যাবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি সংগ্রহ করা যাবে।নাগরিকদের সরাসরি যোগাযোগের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি আবেদন বা অভিযোগের বর্তমান অবস্থাও অ্যাপের মাধ্যমে জানা যাবে।[BANGVIEWS-POST:2225]এ অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ, এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি সংক্রান্ত কাজসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের কাছে দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং জেলা প্রশাসনের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।ঢাকা বিভাগের কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতেও এটি সহায়ক হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন সেবা যুক্ত করা হবে। ধাপে ধাপে এটিকে জেলা প্রশাসনের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ঢাকার নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ