ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন উন্নয়ন অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ডিএফসি।সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব উন্নয়ন প্রকল্প পর্যাপ্ত অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগের ঝুঁকির কারণে এগোতে পারছে না, সেগুলো বাস্তবায়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা এসব প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশ অর্থায়নের যোগ্যতা অর্জন করায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি হয়েছে।তাঁর মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।পাশাপাশি এ ধরনের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতেও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ সিদ্ধান্তকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।তিনি বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিকে তিনি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে তুলে ধরেন।মার্কিন রাষ্ট্রদূতের মতে, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবে।এদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেছে ডিএফসি।সংস্থাটি জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এই অঞ্চলে। একই সঙ্গে দ্রুত বিকাশমান বেশ কয়েকটি অর্থনীতিও এখানে অবস্থিত।এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগ বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ডিএফসি।মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, মার্কিন কোম্পানিগুলোর আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।তবে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে ইতোমধ্যে কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বা ঋণ অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ সহায়তার জন্য বাংলাদেশে প্রকল্প বিবেচনার সুযোগ তৈরি হলো।

মার্কিন উন্নয়ন অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ