এআই ও গেমিংয়ে ভর করে টেনসেন্টের আয় বাড়ল ১১ শতাংশ
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় বিনিয়োগের প্রভাব ব্যবসায় দেখতে শুরু করেছে চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট। এআইনির্ভর বিজ্ঞাপন, গেমিং এবং ক্লাউড সেবায় প্রবৃদ্ধির সুবাদে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। তবে নিট মুনাফা বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি।বুধবার (১২ আগস্ট) প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে টেনসেন্টের রাজস্ব হয়েছে ২০৪ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ৩০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই ফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের কাছাকাছি।তবে একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। বিশ্লেষকেরা প্রায় ৬১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।[BANGVIEWS-POST:3629]এআই অবকাঠামো ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগকে মুনাফায় চাপ পড়ার একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে টেনসেন্টের মূলধনী ব্যয় বেড়ে ৫২ দশমিক ৮ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বছরের প্রথম প্রান্তিকে এই ব্যয় ছিল ৩১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান। বছরের বাকি সময়েও এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।বিজ্ঞাপন ব্যবসায় এআইয়ের সুফল সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে। টেনসেন্টের মার্কেটিং সার্ভিসেস বিভাগের আয় ২২ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। উইচ্যাট বা উইশিনে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন বাছাই, লক্ষ্য নির্ধারণ ও মূল্য নির্ধারণ আরও কার্যকর হওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।গেমিংসহ ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস বিভাগেও শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এ বিভাগের আয় ৮ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান হয়েছে। চীনের অভ্যন্তরীণ গেমিং বাজার থেকে আয় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। ‘অনার অব কিংস’ ও ‘ডেল্টা ফোর্স’-এর মতো গেম এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।তবে আন্তর্জাতিক গেমিং থেকে আয় সামান্য কমে ১৮ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের প্রভাবকে এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।[BANGVIEWS-POST:3628]ফিনটেক ও বিজনেস সার্ভিসেস বিভাগেও ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের রাজস্ব দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। এআইনির্ভর ক্লাউড সেবার বাড়তি চাহিদা এই বিভাগের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।নিজস্ব এআই প্রযুক্তির পরিধিও বাড়াচ্ছে টেনসেন্ট। হুনইউয়ান মডেলের নতুন সংস্করণের পাশাপাশি উইচ্যাটে পরীক্ষামূলক এআই সহকারী এবং ইউয়ানবাও চ্যাটবটসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।চীনে আলিবাবা ও বাইটড্যান্সসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে এআই প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে টেনসেন্টের বিপুল বিনিয়োগ ভবিষ্যতে কতটা মুনাফায় রূপ নেয়, সেটিই এখন বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের বিষয়।
সূত্র: রয়টার্স